Image description

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সঙ্গে যৌথ আয়োজক হিসেবে এবারই প্রথম নিজেদের মাটিতে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের ঐতিহাসিক গৌরব অর্জন করেছে কানাডা। আজ শুক্রবার রাত ১টায় বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচ দিয়ে ‘বি’ গ্রুপ থেকে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করছে উত্তর আমেরিকার এই দেশটি।

তবে ঐতিহাসিক এই মাহেন্দ্রক্ষণে বড় ধাক্কা খেয়েছে কানাডা। চোটের কারণে প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন দলটির প্রাণভোমরা ও অধিনায়ক আলফোনসো ডেভিস। বায়ার্ন মিউনিখের এই তারকার অনুপস্থিতি স্বাগতিকদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হলেও জোনাথন ডেভিড ও কাইল লেরিনদের নিয়ে গড়া ‘সোনালী প্রজন্ম’ জয় দিয়ে আসর শুরু করতে মরিয়া।

বিশ্বকাপে কানাডার অতীত রেকর্ড খুব একটা সুখকর নয়। এর আগে ১৯৮৬ ও ২০২২ সালের আসরে অংশ নিলেও ছয়টি ম্যাচের সবকটিতেই হারের মুখ দেখতে হয়েছে তাদের। তবে গত ২০২২ কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে আলফোনসো ডেভিসের করা সেই গোলটি ছিল বিশ্বকাপে কানাডার প্রথম গোল। এবার ঘরের মাঠে সমর্থকদের সামনে প্রথম জয় এবং প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠার স্বপ্ন দেখছে ‘লে রুজ’রা।

উল্লেখ্য, এবার টরন্টো ও ভ্যাঙ্কুভারে বিশ্বকাপের মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, যা দেশটির ফুটবল ইতিহাসে এক অনন্য মাইলফলক। ঘরের মাঠে এই টুর্নামেন্টকে স্মরণীয় করে রাখতে বসনিয়ার বিপক্ষে পূর্ণ ৩ পয়েন্টই এখন একমাত্র লক্ষ্য কানাডিয়ানদের। গ্রুপ ‘বি’-তে তাদের অন্য দুই প্রতিপক্ষ কাতার ও সুইজারল্যান্ড।

মানবকণ্ঠ/ডিআর