নেইমারকে ছাড়াই বিশ্বকাপ শুরু করছে ব্রাজিল, ছিটকে যেতে পারেন গ্রুপ পর্ব থেকেও
বিশ্বকাপের মাঠের লড়াই শুরু হওয়ার আগেই বড়সড় এক ধাক্কা খেলো হেক্সা মিশনের দাবিদার ব্রাজিল। পায়ের পেশির চোট (কাফ ইনজুরি) কাটিয়ে উঠতে না পারায় মরক্কোর বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচে খেলতে পারছেন না দলের প্রাণভোমরা নেইমার জুনিয়র। এমনকি গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতেও তাকে পাওয়া যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।
শনিবার নিউ জার্সিতে বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে সেলেসাওরা। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হতে যাওয়া এই হাইভোল্টেজ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দুসংবাদটি দেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানান, ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড এখনো পুরোদমে অনুশীলনে ফিরতে পারেননি। আনচেলত্তি বলেন, 'সে দ্রুত ফিট হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছে। আমরা আশা করছি আগামী সপ্তাহে সে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারবে।' কোচের এমন মন্তব্যে স্পষ্ট যে, প্রথম ম্যাচের পাশাপাশি গ্রুপ পর্বের পরবর্তী দুই ম্যাচেও নেইমারের মাঠে নামা প্রায় অসম্ভব।
গ্রুপ ‘এফ’-এ ব্রাজিলের পরবর্তী ম্যাচ দুটি ১৯ জুন হাইতি এবং ২৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে। চোটের কারণে পানামা ও মিসরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও খেলতে পারেননি নেইমার। তবে দলের এই অভিজ্ঞ তারকার প্রয়োজনীয়তা নিয়ে কোচ জানান, দলের তরুণ ফুটবলারদের অনুপ্রাণিত করতে তার উপস্থিতি অত্যন্ত জরুরি। নেইমারের দ্রুত সুস্থতা কামনা করে সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়র বলেন, 'সে আমার অনুপ্রেরণা। আমরা সবাই তাকে দ্রুত মাঠে দেখার অপেক্ষায় আছি।'
এদিকে নেইমারের অনুপস্থিতিকে বড় করে দেখছেন না মরক্কো কোচ মোহাম্মদ উয়াহবি। তিনি জানান, নেইমার থাকুক বা না থাকুক—তারা উভয় পরিস্থিতির জন্যই প্রস্তুতি নিয়েছেন। তবে মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি কিছুটা আক্ষেপ প্রকাশ করে বলেন, 'আমি সবসময় সেরাদের বিপক্ষে খেলতে পছন্দ করি এবং নেইমার বিশ্বের সেরাদের একজন।'
মানবকণ্ঠ/ডিআর




Comments