Image description

চট্টগ্রামে জাতীয় দলের স্পিনার নাঈম হাসানকে পুলিশ কর্তৃক মারধর ও হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। এই ন্যাক্কারজনক ঘটনায় নাঈম ও তাঁর পরিবারের পাশে থাকার পাশাপাশি বিসিবির পক্ষ থেকে সব ধরনের আইনি ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

শনিবার (১৩ জুন) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তামিম ইকবাল এই কড়া প্রতিক্রিয়া জানান। পোস্টে তিনি লিখেন, ‘নাঈম হাসানের সঙ্গে গত রাতে যা হয়েছে, কোনোভাবেই তা গ্রহণযোগ্য নয়। রাতে নাঈম আমাকে ফোন করার পর থেকে তাৎক্ষণিকভাবে যা যা করা দরকার, করার চেষ্টা করেছি আমি ও অন্য বোর্ড পরিচালকরা। সংশ্লিষ্ট সব জায়গায় আমরা কথা বলছি, নাঈম ও তার পরিবারের সঙ্গেও নিবিড় যোগাযোগ রাখছি।’

জাতীয় দলের এই অভিজ্ঞ ক্রিকেটার আরও জানান, বিসিবির পক্ষ থেকে আজ সকালেই তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে। নাঈম ও দেশের সব ক্রিকেটারের নিরাপত্তায় বিসিবি প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, ‘নাঈমের জন্য যা যা করণীয় আছে, তার সবকিছুই আমরা করব। নাঈম ও সব ক্রিকেটারের পাশে আমরা সবসময় আছি।’

উল্লেখ্য, ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) খেলা শেষ করে শুক্রবার রাত ১০টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছান নাঈম হাসান। বিমানবন্দর থেকে সিএনজি অটোরিকশাযোগে বাসায় ফেরার পথে লালখান বাজার এলাকায় খুলশী থানার একদল পুলিশ তাঁর গতিরোধ করে। পরিচয় দেওয়ার পরও তাঁকে হেনস্তা করা হয় এবং থানায় নিয়ে ওসির সামনেই মারধর ও শারীরিক লাঞ্ছনা করা হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় আজ সকালেই খুলশী থানার এক এসআইসহ তিন পুলিশ সদস্যকে বরখাস্ত এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর