Image description

দীর্ঘ আট বছর পর ফুটবল বিশ্বকাপে ফিরে দারুণ এক জয় দিয়ে অভিযান শুরু করেছে সুইডেন। নিজেদের প্রথম ম্যাচে তিউনিসিয়াকে ৪-১ গোলে হারিয়ে শক্তিশালী বার্তা দিয়েছে ইউরোপের দলটি। অন্যদিকে নাটকীয় এক ম্যাচে শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে ১-০ ব্যবধানে হারিয়ে স্মরণীয় জয় তুলে নিয়েছে আইভরি কোস্ট।

মন্তেরেই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সুইডেন। ম্যাচের সপ্তম মিনিটেই বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে দলকে এগিয়ে দেন ইয়াসিন আয়ারি। এরপর ৩০ মিনিটে আলেক্সান্দার ইসাক ব্যবধান দ্বিগুণ করলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় সুইডিশরা।

তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগে তিউনিসিয়ার হয়ে আশা জাগান ডিফেন্ডার ওমর রেকিক। হানিবাল মেজব্রির অ্যাসিস্ট থেকে গোল করে ব্যবধান ২-১ করেন তিনি।

দ্বিতীয়ার্ধে আরও ধারালো হয়ে ওঠে সুইডেনের আক্রমণভাগ। ৫৯ মিনিটে তিউনিসিয়ার রক্ষণভাগ ও গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ভিক্টর গিয়োকেরেস। গোলরক্ষক আবদেলমুহিব শামাখের ভুলে বল পেয়ে আলেক্সান্দার ইসাক সেটি বাড়িয়ে দেন গিয়োকেরেসের কাছে, আর সহজ সুযোগ হাতছাড়া করেননি তিনি।

ম্যাচের শেষ দিকে আরও একটি গোল করে ৪-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে সুইডেন।

বিশ্বকাপ ইতিহাসে সুইডেনের সেরা সাফল্য ১৯৫৮ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত আসরে রানার্সআপ হওয়া। ২০১৮ সালে কোয়ার্টার ফাইনাল খেলার পর এবার ৮ বছর পর বিশ্বমঞ্চে ফিরে দুর্দান্ত শুরু করল তারা।

অন্যদিকে ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে জয় পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে আইভরি কোস্টকে। গোলশূন্য ড্রয়ের দিকে এগিয়ে যাওয়া ম্যাচে ৯০তম মিনিটে আসে নির্ণায়ক মুহূর্ত।

ম্যাচজুড়ে দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাচ্ছিল না। ইকুয়েডর তিনবার পোস্ট ও ক্রসবারে আঘাত করে হতাশ হয়। এনার ভ্যালেন্সিয়া, জন ইয়েবোহ ও অ্যালান মিন্দা একাধিকবার গোলের কাছাকাছি গিয়েও সফল হতে পারেননি।

আইভরি কোস্টের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন তরুণ ইয়ান দিওমান্দে। ডান প্রান্ত দিয়ে তার একের পর এক আক্রমণ প্রতিপক্ষের রক্ষণভাগকে চাপে রাখলেও সতীর্থদের ব্যর্থতায় গোল আসছিল না। নিকোলাস পেপে ও এলি ওয়াহিও সুযোগ নষ্ট করেন।

তবে ম্যাচের শেষ মুহূর্তে উইলফ্রিড সিঙ্গোর দারুণ দৌড় ও নিখুঁত ক্রস থেকে বল পেয়ে ডি-বক্সের প্রান্ত থেকে জোরালো শটে জাল খুঁজে নেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড আমাদ দিয়ালো। তার একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় আফ্রিকার প্রতিনিধিদের।

এই জয়ের মাধ্যমে ইকুয়েডরের টানা ১৯ ম্যাচের অপরাজিত যাত্রার অবসান ঘটিয়েছে আইভরি কোস্ট। ১২ বছর পর বিশ্বকাপে ফিরে শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে নিজেদের সামর্থ্যের জানান দিল দলটি।

এদিকে গ্রুপ ‘ই’-এর অন্য ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে জার্মানি। বড় ব্যবধানের এই জয়ে গোল ব্যবধানে গ্রুপের শীর্ষস্থানও দখল করেছে জার্মানরা।


মানবকণ্ঠ/আরআই