২০২৬ ফিফা বিশ্বকাপের গোলমুখর এক রাতে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের পাশে নিজের নামও উজ্জ্বল করে রাখলেন আর্লিং হালান্ড। এই নরওয়েজিয়ান স্ট্রাইকারের দুর্দান্ত জোড়া গোলে সেনেগালকে ৩-২ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের নকআউট পর্ব নিশ্চিত করেছে নরওয়ে।
গ্রুপ ‘আই’-এর নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে বেশ সুবিধাজনক অবস্থানে ছিল নরওয়ে। প্রথম ম্যাচে ইরাককে ৪-১ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসী ছিল তারা। অন্যদিকে, ফ্রান্সের কাছে ৩-১ গোলে হেরে খাদের কিনারায় থাকা সেনেগাল এই ম্যাচে সমানে সমান লড়াই করলেও শেষ পর্যন্ত পরাজয় এড়াতে পারেনি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় নরওয়ে। তবে সেনেগালের গোলরক্ষক এদুয়ার্দ মেন্দির দৃঢ়তায় প্রথমার্ধের দীর্ঘ সময় গোলের দেখা পায়নি তারা। ৩৫ মিনিটে হালান্ডের একটি জোরালো শট অসাধারণ দক্ষতায় রুখে দেন মেন্দি। তবে ৪৩ মিনিটে নিজেদের রক্ষণভাগের ভুলে গোল হজম করতে হয় আফ্রিকান দেশটিকে। অভিজ্ঞ ডিফেন্ডার কালিদু কুলিবালির ভুল পাসের সুযোগ নিয়ে বদলি খেলোয়াড় মার্কুস হোমগ্রেন পেদারসেন বল জালে জড়ান। ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় নরওয়ে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন আর্লিং হালান্ড। ৫০ মিনিটে মার্টিন ওডেগার্ডের বাড়ানো বল ধরে কুলিবালিকে পরাস্ত করে লক্ষ্যভেদ করেন এই ম্যানসিটি তারকা। তবে তিন মিনিট পরেই ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় সেনেগাল। ইসমাইলা সারের গোলে স্কোরলাইন হয় ২-১।
ম্যাচের ৫৮ মিনিটে আবারও জ্বলে ওঠেন হালান্ড। নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে নরওয়ের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন তিনি। ম্যাচের শেষ দিকে ইসমাইলা সার ব্যক্তিগত দ্বিতীয় গোল করে লড়াই জমিয়ে তুললেও তা কেবল ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়েজিয়ানরা।
টানা দুই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করল নরওয়ে। অন্যদিকে, টানা দুই হারে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় পড়ে গেল সেনেগাল। বিশ্বমঞ্চে নিজের বিধ্বংসী রূপ আরও একবার ফুটিয়ে তুলে হালান্ড আবারও প্রমাণ করলেন কেন তিনি বর্তমান সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার।
মানবকণ্ঠ/ডিআর




Comments