বিশ্বকাপের ‘জে’ গ্রুপে আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে টানা দুই জয় তুলে নিয়ে আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পরে জর্ডান ও আলজেরিয়ার ম্যাচের ফলাফলের মাধ্যমে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াও নিশ্চিত হয়ে যায় তাদের।
গ্রুপ পর্বের বাধা পেরিয়ে গেলেও এখন সবচেয়ে বড় আলোচনা আর্জেন্টিনার নকআউট পর্বের প্রতিপক্ষ কে হবে তা নিয়ে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ‘জে’ গ্রুপের শীর্ষ দল হিসেবে রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনা মুখোমুখি হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলের।
‘এইচ’ গ্রুপে রয়েছে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে ও সৌদি আরব। ফলে শেষ রাউন্ডের ম্যাচগুলোর ফলই নির্ধারণ করবে আর্জেন্টিনার পরবর্তী প্রতিপক্ষ। তবে এরই মধ্যে নিশ্চিত হয়েছে নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি।
আগামী ৪ জুলাই মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে রাউন্ড অব ৩২-এর ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে এই গুরুত্বপূর্ণ লড়াই।
মজার বিষয় হলো, এই স্টেডিয়ামটি লিওনেল মেসি ও রদ্রিগো দে পলের ক্লাব ইন্টার মিয়ামির পরিচিত ভেন্যুগুলোর একটি। ফলে পরিচিত পরিবেশেই নকআউট পর্বের অভিযান শুরু করার সুযোগ পাচ্ছেন মেসি ও তার সতীর্থরা।
অন্যদিকে ‘এইচ’ গ্রুপে এখনো চলছে তুমুল হিসাব-নিকাশ। গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও উরুগুয়ে। একই সময়ে সৌদি আরব লড়বে কেপ ভার্দের বিপক্ষে। এই দুই ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করছে রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে কোন দল উঠে আসবে।
বিশ্বকাপের মঞ্চে শিরোপা ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলা আর্জেন্টিনার জন্য নকআউট পর্বের প্রতিটি ম্যাচই হবে ‘বাঁচা-মরার’ লড়াই। আর সেই মিশনের প্রথম ধাপ শুরু হবে আগামী ৪ জুলাই মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে।




Comments