গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচের পর তৃতীয় ম্যাচেও গোলের দেখা পেয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। তার জোড়া গোলে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধ শেষে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ব্রাজিল।
মায়ামির হার্ডরক স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হওয়া ম্যাচের মাত্র ৭ মিনিটেই গোলের খাতা খোলেন ভিনিসিয়ুস। স্কটল্যান্ডের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন তিনি।
ম্যাচের সপ্তম মিনিটে ব্রাজিলের তরুণ উইঙ্গার রায়ান স্কটল্যান্ডের সেন্টার-ব্যাক ম্যাককেনার ওপর চাপ সৃষ্টি করেন। বিপদমুক্ত হতে গিয়ে ম্যাককেনা বল ক্লিয়ার করতে চাইলেও সেই প্রচেষ্টা আটকে দেন রায়ান। বল চলে যায় ভিনিসিয়ুসের কাছে। সুযোগ পেয়ে ঠাণ্ডা মাথায় গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে কাটিয়ে জালে বল পাঠান ব্রাজিলিয়ান তারকা।
২২তম মিনিটে আবারও স্কটল্যান্ডের জালে বল জড়ান ভিনিসিয়ুস। এবার ভুল করেন স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেন্ড্রি। তার কাছ থেকে বল কেড়ে নিয়ে গোলরক্ষককে পরাস্ত করে দারুণ এক শটে গোল করেন ভিনি। তবে ভিএআর পর্যালোচনায় দেখা যায়, বল দখলের সময় হেন্ড্রির ওপর ফাউল করেছিলেন তিনি। ফলে গোলটি বাতিল করে দেন রেফারি।
প্রথমার্ধের শেষ দিকে ব্রাজিল ব্যবধান বাড়ানোর আরও সুযোগ পায়। ভিনিসিয়ুসের পাস থেকে মাতেউস কুনিয়ার শট প্রায় গোললাইন থেকেই ক্লিয়ার করে দেন লুইস ফার্গুসন ও জ্যাক হেন্ড্রি। এতে নিশ্চিত গোল থেকে বেঁচে যায় স্কটল্যান্ড।
তবে দ্বিতীয় গোল পেতে বেশি অপেক্ষা করতে হয়নি ব্রাজিলকে। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে (৪৫+৩) ব্রুনো গিমারাইসের নিখুঁত ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় ও দলের দ্বিতীয় গোল করেন ভিনিসিয়ুস। তাতেই ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
স্কটল্যান্ড কয়েকটি আক্রমণ গড়লেও সেগুলোতে ধার ছিল না। ফলে ব্রাজিলের রক্ষণভাগকে বড় কোনো পরীক্ষায় ফেলতে পারেনি তারা।
পরিসংখ্যানেও আধিপত্য ছিল ব্রাজিলের। প্রথমার্ধে তারা ১১টি শট নেয়, যার মধ্যে ৩টি ছিল লক্ষ্যে। অন্যদিকে স্কটল্যান্ড ৪টি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি।




Comments