ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৮৮ জনে পৌঁছেছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে নিখোঁজ হয়েছেন হাজারো মানুষ। তাদেরই মধ্যে রয়েছেন আর্জেন্টাইন ফুটবলার লুকাস ত্রেহোর স্ত্রী ও দুই সন্তান।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) সতর্ক করেছে, ক্ষয়ক্ষতির মাত্রা বিবেচনায় প্রাণহানির সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। নিখোঁজ ব্যক্তিদের তথ্য সংগ্রহের জন্য চালু করা একটি ওয়েবসাইটে স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টা ৪০ মিনিট পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষের নিখোঁজ হওয়ার তথ্য নিবন্ধিত হয়েছে।
পরিবারের খোঁজে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনার ৩৮ বছর বয়সী ডিফেন্ডার লুকাস ত্রেহো। তিনি লিখেছেন, “প্লায়া গ্রান্দেতে আমাদের ভবনটিও ধসে পড়েছে। আমার পরিবারের কোনো খোঁজ জানি না। দয়া করে তাদের জন্য প্রার্থনা করুন। কেউ তাদের দেখে থাকলে আমাকে তথ্য দিয়ে সাহায্য করুন। আমি বিশ্বাস করতে চাই, ঘটনার সময় তারা ভবনের ভেতরে ছিল না।”
আর্জেন্টিনার কর্ডোবায় জন্ম নেওয়া ত্রেহো বর্তমানে ভেনেজুয়েলার দ্বিতীয় বিভাগের ক্লাব স্পোর্ট মারিতিমো লা গুয়াইরা-এর হয়ে খেলেন। কয়েক বছর ধরে তিনি দেশটিতে বসবাস করছেন। স্ত্রী ইয়ানিনা মারানেল্লা এবং দুই সন্তান—অ্যারন ও আইনহোয়াকে নিয়ে প্লায়া গ্রান্দের একটি আবাসিক ভবনে থাকতেন, যা ভূমিকম্পে ধসে পড়েছে বলে জানা গেছে।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে রাজধানী কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে প্রথমে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। মাত্র ৩৯ সেকেন্ড পর কারাকাস থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার আরও শক্তিশালী দ্বিতীয় ভূমিকম্প হয়।
জরুরি উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন। তবে নিখোঁজ মানুষের সংখ্যা অনেক বেশি হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।




Comments