বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইতোমধ্যেই টানা দুই জয়ে গ্রুপ ‘জে’ থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে। ফলে গ্রুপপর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে বেশ কয়েকজন নিয়মিত ফুটবলারকে বিশ্রাম দিয়ে বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দিতে পারেন কোচ লিওনেল স্কালোনি।
রোববার বাংলাদেশ সময় সকাল ৮টায় ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। নকআউট পর্ব সামনে রেখে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের চোট ও ক্লান্তি থেকে দূরে রাখাই স্কালোনির প্রধান লক্ষ্য। অনুশীলনেও তিনি বিকল্প একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছেন।
গোলপোস্টে অনুশীলনে হুয়ান মুসোকে দেখা গেলেও প্রথম একাদশে দায়িত্ব পালন করতে পারেন এমিলিয়ানো মার্টিনেজ। চলতি বিশ্বকাপে টানা দুই ম্যাচে ক্লিন শিট রাখা এই গোলরক্ষকের ওপরই আস্থা রাখছেন কোচ।
রক্ষণভাগে চোট কাটিয়ে ফিরেছেন গঞ্জালো মন্তিয়েল। তার সঙ্গে থাকতে পারেন নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি এবং নিকোলাস তালিয়াফিকো।
মিডফিল্ডে হোল্ডিং রোলে খেলতে পারেন লিয়ান্দ্রো পারেদেস। তাকে সহায়তা করবেন এজেকিয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো এবং জুলিয়ানো সিমিওনে। তবে লো সেলসোর পরিবর্তে তরুণ ভ্যালেন্তিন বারকোকে সুযোগ দেওয়ার সম্ভাবনাও রয়েছে।
সবচেয়ে বড় আলোচনার বিষয় অধিনায়ক লিওনেল মেসি। নকআউট পর্বের কথা বিবেচনা করে তাকে শুরুতে বেঞ্চে রাখা হতে পারে। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে তাকে মাঠে নামানোর সম্ভাবনা রয়েছে।
আক্রমণভাগে নাম্বার টেন ভূমিকায় খেলতে পারেন নিকো পাজ। একমাত্র স্ট্রাইকার হিসেবে দেখা যেতে পারে হুলিয়ান আলভারেজকে। প্রয়োজনে বদলি হিসেবে মাঠে নামতে পারেন হোসে লোপেজ।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ; গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তালিয়াফিকো; লিয়ান্দ্রো পারেদেস, এজেকিয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো (অথবা ভ্যালেন্তিন বারকো), জুলিয়ানো সিমিওনে, নিকো পাজ; হুলিয়ান আলভারেজ।




Comments