Image description

বিশ্বকাপের গ্রুপ পর্বে তিন ম্যাচেই ড্র করে অনিশ্চয়তার মধ্যে রয়েছে ইরান। তবে মাঠের পারফরম্যান্সের চেয়ে এবার বেশি আলোচনায় এসেছে দলটির অভিযোগ। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও আয়োজকদের বিরুদ্ধে অব্যবস্থাপনা এবং বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন ইরানের অধিনায়ক মেহদি তারেমি ও প্রধান কোচ আমির ঘালেনোই।

শুক্রবার রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিশরের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর সিয়াটলের ড্রেসিংরুমে একটি আবেগঘন বার্তা লিখে রেখে যায় ইরান দল।

সেখানে তারা লেখে, ‘আমরা ইরান থেকে এসেছি—একটি দেশ, যা হাজার বছর ধরে জয়ের চেয়ে সম্মানকে বেশি মূল্য দিয়েছে। আমাদের কাছে ফুটবল শুধু প্রতিযোগিতা নয়, এটি চরিত্রের দৃঢ়তার পরীক্ষা। পয়েন্ট বিভিন্নভাবে অর্জন করা যায়, কিন্তু সম্মান অর্জন করা যায় না। ফেয়ার প্লে শুধু একটি শব্দ নয়, এটাই ফুটবলের আত্মা।’

বার্তায় সিয়াটলের আতিথেয়তার প্রশংসা করার পাশাপাশি ইরানের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়।

ম্যাচ শেষে অধিনায়ক মেহদি তারেমি ফিফার সমালোচনা করে বলেন, ‘এটি খুবই হতাশাজনক একটি বিশ্বকাপ। ফিফা সব সমস্যার সমাধান করার কথা বললেও শুরু থেকেই আমাদের সমস্যাগুলোর কোনো সমাধান করা হয়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আমাদের বলেছিলেন, “এটি তো মাত্র শুরু।” অথচ গ্রুপ পর্ব শেষ হয়ে গেল, কিন্তু কিছুই বদলাল না।’

ইরানের অভিযোগ, দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সাপোর্ট স্টাফ যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় দলের সঙ্গে থাকতে পারেননি। এতে খেলোয়াড়দের যাতায়াত, পুনর্বাসন (রিকভারি) এবং দৈনন্দিন প্রস্তুতিতে বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে।

তারেমি বলেন, ‘যারা আমাদের যাতায়াত ও রিকভারির দায়িত্বে ছিলেন, তারা এখানে নেই। প্রতিদিন তিজুয়ানায় যাতায়াত করা বাস্তবসম্মত নয়। আমরা মেক্সিকো ও তিজুয়ানার মানুষকে সম্মান করি, কিন্তু একটি বিশ্বকাপের মতো পেশাদার টুর্নামেন্টে এমন ব্যবস্থাপনা গ্রহণযোগ্য নয়।’

তিনি আরও বলেন, ‘যদি তারা আমাদের টুর্নামেন্ট থেকে বিদায় দিতে চায়, তাহলে দিক। কিন্তু এভাবে নয়। আমাদের প্রয়োজনীয় সহায়ক কর্মীরা পাশে নেই। আমরা বারবার অভিযোগ জানিয়েছি, কিন্তু কোনো সমাধান পাইনি।’

একই অভিযোগ করেছেন ইরানের প্রধান কোচ আমির ঘালেনোই। তিনি বলেন, ‘আয়োজক দেশ আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে। যদি আমাদের দুই সপ্তাহ আগে আসার অনুমতি দেওয়া হতো, তাহলে শারীরিক ও মানসিকভাবে আমরা আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারতাম। আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। ভবিষ্যতে অন্য কোনো দলের সঙ্গে যেন এমন আচরণ না করা হয়, সে বিষয়ে ফিফার প্রতি আহ্বান জানাই।’