বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ নাটকীয় এক লড়াই শেষে টাইব্রেকারে জার্মানিকে ৪-৩ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে প্যারাগুয়ে। সোমবার ফক্সবরোতে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর পেনাল্টি শুটআউটে জয় তুলে নেয় দক্ষিণ আমেরিকার দলটি। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার টাইব্রেকারে হেরে বিদায় নিল জার্মানি।
ম্যাচের ৪৪ মিনিটে হুলিও এনসিসোর দুর্দান্ত হেডে এগিয়ে যায় প্যারাগুয়ে। বিরতির পর ৫৪ মিনিটে ফ্লোরিয়ান ভার্টজের ক্রস থেকে কাই হাভার্টজ গোল করে জার্মানিকে সমতায় ফেরান। টুর্নামেন্টে এটি ছিল হাভার্টজের তৃতীয় গোল।
অতিরিক্ত সময়ে জোনাথান টাহর একটি হেডে বল জালে জড়ালেও ভিএআর পর্যালোচনায় গোলটি বাতিল হয়। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
শুটআউটে প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল নায়ক বনে যান। তিনি কাই হাভার্টজ ও নিক ভল্টেমাডের শট ঠেকিয়ে দেন। যদিও প্যারাগুয়েরও দুটি শট মিস হয়। শেষ পর্যন্ত জোনাথান টাহর শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে গেলে হোসে কানালে সফল স্পটকিকে জয়ের উল্লাসে ভাসান প্যারাগুয়েকে।
২০১৪ সালে বিশ্বকাপ জয়ের পর এবারই প্রথম নকআউট ম্যাচ খেলতে নেমেছিল জার্মানি। তবে সেই প্রত্যাবর্তন শেষ হলো হতাশার বিদায়ে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে প্যারাগুয়ে। প্রথম মিনিটেই জুনিয়র আলোনসোর সুযোগ দারুণভাবে রুখে দেন জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। প্রথমার্ধজুড়ে প্যারাগুয়ের সংগঠিত রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় ইউলিয়ান নাগেলসমানের দল।
বিরতির পর লেওন গোরেৎজকাকে নামিয়ে আক্রমণে গতি আনার চেষ্টা করে জার্মানি। এরই মধ্যে ইউশুয়া কিমিখের ভুল ব্যাকপাস থেকে আরেকটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি হলেও নয়্যার তা সামাল দেন। পরে হাভার্টজের গোলে সমতা ফেরালেও অতিরিক্ত সময়ে একাধিক সুযোগ কাজে লাগাতে পারেনি জার্মানরা।
শেষ পর্যন্ত টাইব্রেকারের স্নায়ুচাপ সামলে বিশ্বকাপের ইতিহাসে নিজেদের সবচেয়ে বড় সাফল্য অর্জন করে প্যারাগুয়ে।
কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে প্যারাগুয়ের সামনে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা। সুইডেনকে হারাতে পারলে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হবে দুর্দান্ত ফর্মে থাকা ফ্রান্স।




Comments