Image description

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে। তবে মাঠের লড়াই শুরুর আগেই আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে বিশেষ সম্মান জানাতে যাচ্ছে আফ্রিকার দেশটি।

কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস জানিয়েছেন, বিশ্ব ফুটবলে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে মেসিকে কেপ ভার্দে জাতীয় দলের ১০ নম্বর জার্সি উপহার দেওয়া হবে। জার্সিটির পেছনে থাকবে মেসির নামও। বিশ্বকাপের নকআউট ম্যাচের আগে আর্জেন্টাইন অধিনায়কের হাতে এই বিশেষ উপহার তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট নেভেস বলেন, ‘আমরা আমাদের জাতীয় দলের রং, তার ১০ নম্বর জার্সি ও তার নামসহ একটি জার্সি মেসিকে উপহার দেব। বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের প্রতি সম্মান জানাতেই এই উদ্যোগ।’ তিনি আরও বলেন, ‘মেসি কেপ ভার্দেতে অত্যন্ত সম্মানিত। আমাদের কাছে তিনি বিশ্বের সেরা ফুটবলার এবং ফুটবলের উৎকর্ষের প্রতীক।’

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নেওয়া কেপ ভার্দের জন্য আর্জেন্টিনার বিপক্ষে এই ম্যাচটি ঐতিহাসিক। প্রেসিডেন্ট নেভেস বলেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলা তাদের জন্য গর্বের এবং মেসির মতো কিংবদন্তির মুখোমুখি হওয়া দেশের ফুটবলের জন্য বিশেষ সম্মানের বিষয়।

উল্লেখ্য, কেপ ভার্দে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই ইতিহাস গড়ে শেষ ৩২-এ উঠেছে। এবার তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং লিওনেল মেসির দল।