Image description

৪৮ দলের বিশ্বকাপে এখন শিরোপার লড়াইয়ে টিকে আছে মাত্র আটটি দল। কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বর্তমান রানার্সআপ ফ্রান্স ও আফ্রিকার প্রতিনিধি মরক্কো। জয়ী দল উঠবে সেমিফাইনালে, আর হেরে যাওয়া দলের বিশ্বকাপ যাত্রা শেষ হবে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের বোস্টনে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপ্টা সুপারকম্পিউটার ২৫ হাজারবার সিমুলেশন চালিয়ে ম্যাচটির সম্ভাব্য ফল বিশ্লেষণ করেছে। তাদের হিসাবে, নির্ধারিত ৯০ মিনিটে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৬১.৭ শতাংশ। অন্যদিকে মরক্কোর জয়ের সম্ভাবনা ১৬.২ শতাংশ। আর ম্যাচটি অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা ২২.১ শতাংশ

অতীতের পরিসংখ্যানও ফ্রান্সের পক্ষেই। এখন পর্যন্ত দুই দল ছয়বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে চারটিতে জিতেছে ফ্রান্স এবং বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। মরক্কো এখনো ফ্রান্সকে হারাতে পারেনি।

তবে নকআউট পর্বে পরিসংখ্যান সব সময় বাস্তবে মেলে না। এবারের বিশ্বকাপেও বেশ কয়েকটি অঘটন ঘটেছে। তাই চমক দেখানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে মরক্কো।

বিশ্বকাপে দুই দলের একমাত্র আগের দেখা হয়েছিল ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে। সেই ম্যাচে ২-০ গোলে জিতে ফাইনালে উঠেছিল ফ্রান্স।

চার বছর আগের সেই হারের বদলা নিয়ে নতুন ইতিহাস গড়তে চাইবে মরক্কো। অন্যদিকে পরিসংখ্যানের ধারাবাহিকতা ধরে রেখে সেমিফাইনাল নিশ্চিত করার লক্ষ্য থাকবে ফ্রান্সের। সব মিলিয়ে বোস্টনে জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।