Image description

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দল আগামী অক্টোবরে ভারতের কলকাতায় একটি প্রীতি ম্যাচ খেলতে পারে। ম্যাচটি আয়োজনের লক্ষ্যে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ও ভারতীয় আয়োজকদের মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ইএসপিএন ব্রাজিল।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপ চলাকালে ভারতে, বিশেষ করে কলকাতায় ব্রাজিলকে ঘিরে সমর্থকদের ব্যাপক উন্মাদনা সিবিএফের নজর কাড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ব্রাজিল সমর্থকদের উদযাপনের ছবি ও ভিডিও দেখে কলকাতায় একটি প্রীতি ম্যাচ আয়োজনের আগ্রহ তৈরি হয়।

ফিফার নতুন ‘সুপার উইন্ডো’ সূচি অনুযায়ী আগামী সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যে তিনটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এর মধ্যে ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে।

তৃতীয় ম্যাচটি অক্টোবরের শুরুতে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা রয়েছে। শুরুতে চারটি প্রীতি ম্যাচ আয়োজনের চিন্তা ছিল সিবিএফের। সে তালিকায় বাংলাদেশের নামও আলোচনায় ছিল। তবে দীর্ঘ ভ্রমণ, খেলোয়াড়দের বিশ্রাম এবং প্রস্তুতির বিষয় বিবেচনায় শেষ পর্যন্ত তিনটি ম্যাচেই সীমাবদ্ধ থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিঙ্গাপুরও ব্রাজিলকে আতিথ্য দেওয়ার আগ্রহ দেখালেও তাদের সঙ্গে কোনো সমঝোতা হয়নি।

কলকাতায় ম্যাচটি অনুষ্ঠিত হলে শহরটির সমৃদ্ধ ফুটবল ইতিহাসে নতুন মাত্রা যোগ হবে। এর আগে ১৯৭৭ সালে নিউইয়র্ক কসমসের হয়ে ইডেন গার্ডেনে মোহনবাগানের বিপক্ষে খেলেছিলেন ফুটবল কিংবদন্তি পেলে। পরবর্তীতে দিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসিও কলকাতার ফুটবলপ্রেমীদের সামনে মাঠে নেমেছেন।

তবে এখন পর্যন্ত ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন কিংবা ভারতের ফুটবল কর্তৃপক্ষ এ প্রীতি ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। যদিও ইএসপিএন ব্রাজিলের দাবি, বিষয়টি নিয়ে দুই পক্ষের আলোচনা শেষ পর্যায়ে রয়েছে।