যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে কঠোর নিয়ন্ত্রণের আশঙ্কায় বিশ্বজুড়ে শেয়ারবাজারে বড় ধরনের ধস নেমেছে। বিশেষ করে প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারের দরপতনে একদিনেই যুক্তরাষ্ট্রের নাসডাক সূচকের আওতাধীন কোম্পানিগুলোর বাজারমূল্য কমেছে প্রায় আড়াই ট্রিলিয়ন ডলার। এর প্রভাব ছড়িয়ে পড়েছে এশিয়া ও ইউরোপের শেয়ারবাজারেও।
শুক্রবার (৬ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রযুক্তিনির্ভর শেয়ারবাজার নাসডাকের সূচক ৫ দশমিক ৫ শতাংশ কমেছে। এতে একদিনেই সূচকটির আওতাধীন প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত বাজারমূল্য থেকে প্রায় ২ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার কমে গেছে। একই সময়ে ওয়াল স্ট্রিটের অন্যান্য প্রধান সূচকেও বড় ধরনের পতন হয়েছে।
এই দরপতনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। অ্যাপল, এনভিডিয়া ও টেসলাসহ ‘ম্যাগনিফিসেন্ট সেভেন’ নামে পরিচিত সাতটি প্রতিষ্ঠানের সম্মিলিত বাজারমূল্য কমেছে এক ট্রিলিয়ন ডলারের বেশি। এর মধ্যে এনভিডিয়ার শেয়ারদর কমেছে ৯ শতাংশের বেশি। অন্যদিকে স্পেসএক্সের শেয়ারদর ৮ শতাংশ এবং টেসলার প্রায় ১১ শতাংশ কমেছে। এতে ইলন মাস্কের প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত বাজারমূল্য ৩০০ বিলিয়ন ডলারের বেশি কমে গেছে।
যুক্তরাষ্ট্রের বাজারের প্রভাব পড়ে এশিয়ার শেয়ারবাজারেও। শুক্রবার জাপানের নিক্কেই সূচক ৬ শতাংশ পতন নিয়ে লেনদেন শেষ করেছে। দেশটির মেমোরি চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান কিওক্সিয়া ও টোকিও ইলেকট্রনের শেয়ারেও বড় দরপতন হয়েছে। দক্ষিণ কোরিয়ার চিপ নির্মাতা প্রতিষ্ঠান এসকে হাইনিক্সের শেয়ারদর কমেছে ১০ শতাংশের বেশি। দেশটির প্রধান শেয়ারবাজার সূচক কসপি কমেছে ৬ শতাংশ।
এদিকে ইউরোপের শেয়ারবাজারেও শুক্রবার লেনদেনের শুরুতে দরপতন দেখা যায়। যুক্তরাজ্যের এফটিএসই ১০০ সূচক ১ দশমিক ৬ শতাংশ এবং জার্মানির ড্যাক্স সূচক ১ দশমিক ৩ শতাংশ কমেছে। তবে ইউরোপে প্রযুক্তি প্রতিষ্ঠানের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় সেখানে দরপতনের মাত্রা এশিয়ার চেয়ে কম ছিল।
বিশ্লেষকদের মতে, এআই প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিবর্তনের সম্ভাব্য প্রভাব বাজারে অস্থিরতা তৈরি করেছে। এজ বেলের বাজার গবেষণা বিভাগের প্রধান ড্যান কোটসওয়ার্থ বলেন, এআই প্রযুক্তিতে বিপুল অর্থ বিনিয়োগ করা হলেও এসব বিনিয়োগ থেকে কবে মুনাফা আসবে, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ রয়েছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রভাব বাড়ায় দেশটিতে ডেটা সেন্টার নির্মাণের গতি কমে যেতে পারে। পাশাপাশি এআই খাতের ওপর নতুন করে নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ আসার আশঙ্কাও রয়েছে। এসব কারণে প্রযুক্তি খাতের প্রবৃদ্ধি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সূত্র: বিবিসি
এসএস

