২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা আরও ৫ হাজার বাড়িয়েছে সৌদি আরব। নতুন করে এই কোটা বরাদ্দ পাওয়ায় আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন পবিত্র হজ পালনের সুযোগ পাবেন।
সোমবার (৯ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর শেষে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন। সৌদি আরবের পক্ষে স্বাক্ষর করেন দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ।
চুক্তি স্বাক্ষরের আগে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বাংলাদেশের হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অতিরিক্ত হজ কোটা বরাদ্দের অনুরোধ জানানো হয়। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তাৎক্ষণিকভাবে আরও ৫ হাজার হজযাত্রীর কোটা বাড়ানোর ঘোষণা দেন।
এর আগে ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য সৌদি আরবের নির্ধারিত কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন। নতুন ৫ হাজার যুক্ত হওয়ায় মোট কোটা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জনে।
আগের বরাদ্দ অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৫০০ জনের হজ পালনের সুযোগ ছিল।
নিবন্ধনের চাহিদা বিবেচনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অতিরিক্ত ২০ হাজার হজযাত্রীর কোটা চাওয়া হয়েছিল। তবে সৌদি আরবের মীনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টি আলোচনায় উঠে আসে।
এ প্রসঙ্গে ধর্মমন্ত্রী জানান, অন্য কোনো দেশ তাদের নির্ধারিত কোটা অনুযায়ী হজযাত্রী পাঠাতে না পারলে কিংবা কোনো দেশের কোটা বাতিল হলে সেই কোটা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে দেওয়ার বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী।
হজ কোটা বৃদ্ধিতে সহযোগিতার জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান ধর্মমন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করতে কাজ করছে।
এদিকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছিল গত ২৭ জুলাই। নিবন্ধনের শেষ সময় ছিল ২৪ সেপ্টেম্বর। প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে হবে।
২০২৭ সালের হজে সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। প্যাকেজ-১-এর মূল্য ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং প্যাকেজ-২-এর মূল্য ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে ৮ এপ্রিল থেকে।
বিএইচ
