আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভোটাধিকার প্রয়োগ নির্বিঘ্ন করতে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের এই ছুটির সময়ে রাজধানীতে জনসাধারণের যাতায়াত সহজ করতে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ছুটির এই দিনগুলোতে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। এমনকি নির্বাচনের দিন যাত্রীদের সুবিধার্থে আমরা বাড়তি (এক্সট্রা) ট্রেন চালাব। ফলে যাতায়াতে কোনো অসুবিধা হবে না।’
ডিএমটিসিএলের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, ভোটের ছুটির দিনগুলোতেও স্বাভাবিক কর্মদিবসের মতোই মেট্রোরেল চলবে। তবে নিরাপত্তার স্বার্থে যেসব স্টেশনের প্রবেশপথ বা গেট ভোটকেন্দ্রের একেবারে কাছাকাছি অবস্থিত, সেই গেটগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হবে। তবে যাত্রীদের জন্য স্টেশনের অন্যান্য বিকল্প গেটগুলো খোলা থাকবে।
এদিকে, নির্বাচনকালীন সময়ে মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্ন রাখতে ডিএমটিসিএলের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। প্রতিষ্ঠানের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেন অপারেশন, লাইন অপারেশন, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা সংশ্লিষ্ট সবার সব ধরনের ছুটি (বিশেষ জরুরি ক্ষেত্র ব্যতীত) বাতিল করা হলো।
অন্যদিকে, নির্বাচন উপলক্ষ্যে সারা দেশে যান চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। গত ২ ফেব্রুয়ারি জারি করা এক প্রজ্ঞাপন অনুযায়ী, ভোটের আগের দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে।
এ ছাড়া মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত—অর্থাৎ মোট ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে জরুরি সেবা ও নির্বাচন সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহনের ক্ষেত্রে এই নিয়ম শিথিল থাকবে।
উল্লেখ্য, আগামী ১০ ফেব্রুয়ারি নির্বাচনি প্রচারণা শেষ হবে। এরপর ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মানবকণ্ঠ/ডিআর

