ডিকেন্সের সাহিত্য: রোমান্টিসিজমের উত্তরাধিকার
তার অধিকাংশ রচনাই পত্র-পত্রিকায় মাসিক কিস্তিতে প্রকাশিত হতো। এ পদ্ধতিতে রচনা প্রকাশকে জনপ্রিয় করে তোলার পেছনেও ডিকেন্সের কিছু অবদান আছে। অন্যান্য লেখক ধারাবাহিক কিস্তি প্রকাশের আগেই উপন্যাস শেষ করতেন কিন্তু ডিকেন্স কিস্তি প্রকাশের সঙ্গে সঙ্গে পরের অধ্যায়গুলো রচনা করে যেতেন। এ পদ্ধতিতে উপন্যাস রচনার ফলে তার উপন্যাসগুলোর গল্পে একটি বিশেষ ছন্দ দেখা যেত। অধ্যায়গুলোর শেষটুকু হতো রহস্যময়, যার ফলে পাঠক পরের কিস্তিটি পড়ার জন্য মুখিয়ে থাকতেন। তার গল্পগ্রন্থ ও উপন্যাসগুলো এতই জনপ্রিয় যে, এগুলো কখনোই আউট অব প্রিন্ট হয়ে যায়নি। ভিক্টোরীয় যুগের পাঠকের চাহিদা অনুযায়ী তার উপন্যাসে অতিনাটক, করুণ রস, রোমাঞ্চকর বা উত্তেজনাপূর্ণ ঘটনা, ভাবপ্রণতা, রোমান্স প্রভৃতি সব বৈশিষ্ট্যই ছিল, আর সেই সঙ্গে ছিল তরতরে গল্প বলার ক্ষমতা। এই গুণেই ডিকেন্স তৎকালীন এবং সর্বকালীন সাধারণ পাঠকের প্রিয় ঔপন্যাসিক হয়ে উঠেছিলেন এবং তার খ্যাতি ও প্রভাব দেশের সীমা ছাড়িয়ে দেশের বাইরেও বিস্তৃত হয়ে পড়েছিল। তার লোকপ্রিয়তায় আজও ভাটার টান শুরু হয়নি। ....
