সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। লেনদেনের প্রথম ৩০ মিনিটেই ডিএসইতে ২৮৮ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৩ দশমিক ৪৯ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
তথ্যমতে, আজ লেনদেন শুরুর পর থেকেই বিনিয়োগকারীদের শেয়ার কেনার চাপে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বড় ধরনের উত্থানের দিকে এগিয়ে যায়। লেনদেন শুরুর মাত্র প্রথম চার মিনিটে সূচকটি ১৭০ পয়েন্ট বৃদ্ধি পায়। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উত্থানের গতি কিছুটা থিতু হয়। লেনদেনের প্রথম ৩০ মিনিটে ডিএসইএক্স ১২৭ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫২৭ দশমিক ৭৪ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে।
অন্যান্য সূচকের মধ্যে ডিএসইএস (শরিয়াহ সূচক) ১৬ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৩ দশমিক ৩৮ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ৪৯ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৮ দশমিক ৯০ পয়েন্টে। আলোচিত সময়ে দর বেড়েছে ৩৫৯টি কোম্পানির শেয়ারের, কমেছে ১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
লেনদেনের শুরুতে শীর্ষ তালিকায় উঠে এসেছে বড় বড় কিছু প্রতিষ্ঠান। এর মধ্যে ঢাকা ব্যাংকের ২৫ কোটি ১৬ লাখ টাকা এবং সিটি ব্যাংকের ২১ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো— মুন্নু ফেব্রিক্স, সায়হাম কটন, কে অ্যান্ড কিউ, ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সায়হাম টেক্সটাইল, মুন্নু সিরামিক এবং রবি আজিয়াটা।
Comments