দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল ১০টা থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২১ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকায় বিক্রি হবে।
এর আগে গতকাল শুক্রবারও (১৯ জুন) স্বর্ণের দাম একলাফে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়েছিল বাজুস। সংগঠনটি জানিয়েছে, স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না, তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০২৬ সালে এ পর্যন্ত মোট ৭৮ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৯ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩৯ বার কমানো হয়েছে। উল্লেখ্য, গত ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়লেও কমেছিল মাত্র ২৯ বার।
স্বর্ণের দামের এই টানা পতন সাধারণ ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি নিয়ে এসেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments