Image description

হাইকোর্ট থেকে পাঁচ মামলায় জামিন পাওয়ার একদিন পরই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নতুন একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এক মিস্ত্রি নিহতের ঘটনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

শুক্রবার রাতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, জুলাই আন্দোলনে নিহত ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই সিদ্ধিরগঞ্জে একটি বহুতল ভবনে অগ্নিসংযোগের ঘটনায় সেলিম মণ্ডলসহ তিনজন পুড়ে মারা যান। ঘটনার ১০ মাস পর গত বছরের জুনে সেলিমের বাবা বিস্ফোরক ও হত্যা আইনে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে আইভীর নাম না থাকলেও, তদন্তে সম্পৃক্ততা পাওয়ার কথা উল্লেখ করে পুলিশ তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে। বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের সেই আবেদন মঞ্জুর করেন। কাকতালীয়ভাবে একই দিনে হাইকোর্ট তাকে অন্য পাঁচটি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আইভীকে মেয়রের পদ থেকে অপসারণ করা হয়। এরপর গত বছরের ৯ মে দেওভোগের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে জুলাই-আগস্টের আন্দোলনে হওয়া একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আইভীর আইনজীবী আওলাদ হোসেন অভিযোগ করেছেন, রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যেই এই সৎ জনপ্রতিনিধিকে বারবার নতুন মামলায় জড়ানো হচ্ছে। এজাহারে নাম না থাকার পরও কেবল হয়রানির জন্য তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে বলে তিনি দাবি করেন।

তবে হয়রানির অভিযোগ অস্বীকার করে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলাগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে, তাদেরই গ্রেপ্তার দেখানো হচ্ছে। তিনি আরও জানান, চলমান অন্যান্য মামলার তদন্তে সম্পৃক্ততা পাওয়া গেলে আইভীকে আরও মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে।

মানবকণ্ঠ/আরআই