গোপালগঞ্জে আদালত চলাকালে বিচারকের ছুড়ে দেওয়া পেপার ওয়েটের আঘাতে সাবিহা সুলতানা নামে এক শিক্ষানবিশ নারী আইনজীবী আহত হয়েছেন। তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার গোপালগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২-এ এই ঘটনা ঘটে।
জানা গেছে, আদালত চলাকালে বিচারক মো. সুজন মিয়া আদালত কক্ষের পেছনের বেঞ্চে কয়েকজন আইনজীবীকে কথা বলতে দেখে তাদের লক্ষ্য করে একটি কাঁচের পেপার ওয়েট ছুড়ে মারেন। এতে প্রশিক্ষণার্থী আইনজীবী সাবিহা সুলতানার মাথায় আঘাত লাগে এবং তিনি আহত হন। পরে তাকে দ্রুত গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জিপি অ্যাডভোকেট এম এ আলম সেলিম এ ঘটনার নিন্দা জানিয়ে তদন্ত ও বিচার দাবি করেছেন।
এ বিষয়ে জানতে বিচারক মো. সুজন মিয়ার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।




Comments