ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান অনশন ভাঙবেন না বলে জানিয়ে দিয়েছেন দেশটির শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। তার এই বার্তার পর আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টিও (সিজেপি)।
বুধবার বিকেলে সোনম ওয়াংচুক এক বিবৃতিতে বলেছেন, ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা তাকে আশ্বাস দিয়েছেন ক্ষতিগ্রস্ত ছাত্রদের পরিবারকে সহায়তা ও ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার বিষয়টি তিনি বিবেচনা করে দেখবেন। কিন্তু এতে সোনম ওয়াংচুকের অনশন শেষ করা বা ককরোচ জনতা পার্টির আন্দোলন থামানোর কোনো ইঙ্গিত নেই।
বরং সোমবার সংসদ অভিযানের দুদিন পর বুধবার বিকেলেও যন্তর মন্তরে হাজির রয়েছেন শত শত আন্দোলনকারী; মাঝে মাঝেই উঠছে স্লোগান; প্ল্যাকার্ড হাতে জড়ো হচ্ছেন বিক্ষোভকারীরা। দিল্লির গরম, আর্দ্র আবহাওয়া ও মাঝেমধ্যেই কয়েক পশলা বৃষ্টি উপেক্ষা করেই মঞ্চের সামনে জমায়েত রয়েছেন ছাত্রছাত্রী ও অন্যান্য বিক্ষোভকারীরা।
তাদের জন্য খাবার আর অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিভিন্ন ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে পৌঁছিয়ে দিচ্ছেন বেনামী ব্যক্তিরা, দেশের নানা রাজ্য থেকে। খাবার নিয়ে আসছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও।
অন্যদিকে এই বিক্ষোভ মোকাবিলা করার জন্য একাধিক পন্থা নিচ্ছে সরকারও। পশ্চিমবঙ্গে নির্বাচনের দায়িত্বে আসা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ২০ কোম্পানি সদস্যকে বিমানে উড়িয়ে নিয়ে আসা হয়েছে দিল্লিতে। বুধবারও বন্ধ রাখা হয়েছে দিল্লি মেট্রোর কয়েকটি স্টেশন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শিক্ষামন্ত্রী লেখেন, সংসদের অধিবেশনে নিট নিয়ে আলোচনা করতে এবং আমাদের তরুণদের প্রতিটি যৌক্তিক উদ্বেগের সুরাহা করতে আমাদের সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিক প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হওয়ার চেয়ে অনেক ভালো কিছু পাওয়ার যোগ্য ভারতের শিক্ষার্থীরা। বিশৃঙ্খলার পরিবর্তে তারা চায় নিশ্চয়তা, স্লোগানের পরিবর্তে সমাধান এবং বিঘ্ন সৃষ্টির পরিবর্তে দায়িত্বশীলতা।
অর্থাৎ দিল্লিতে ককরোচ জনতা পার্টির এই বিক্ষোভকে একটি রাজনৈতিক মদতপুষ্ট বিরোধিতা রূপেই সরকার মূল্যায়ন করছে। এমনকি সিনিয়র বিজেপি নেতা ও ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও বলেছেন যে ছাত্রদের রাজনৈতিক উদ্দেশ্যে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।
ধর্মেন্দ্র প্রধানের বক্তব্যের সমর্থন করেছেন দিল্লির এমপি বাঁসুরি স্বরাজও। এছাড়াও ককরোচ জনতা পার্টির উপর মিথ্যাচারের অভিযোগ এনেছেন তিনি। মঙ্গলবার ভারতের শাসক জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালয়েন্স বা এনডিএর এক মিটিংয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্ন ফাঁস সংক্রান্ত বিষয়ে সরকারের পদক্ষেপকেই প্রশংসা করেছেন। তিনি বলেছেন, আমরা ভারতের যুবসমাজের বিশ্বাস অর্জন করব।




Comments