Image description

জামালপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার নান্দিনা মুদিপাড়া এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা এলাকার মো. বিল্লাহ হোসেন (৫০)। অপরজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর থেকে ছেড়ে যাওয়া রাজিব পরিবহনের একটি বাস নান্দিনা মুদিপাড়া এলাকায় পৌঁছালে ময়মনসিংহগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রীর মৃত্যু হয়।

জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।