মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সহায়তা থাকুক বা না থাকুক, হরমুজ প্রণালী খুব শিগগিরই পুনরায় খুলে দেওয়া হবে, কারণ এই জলপথে তেহরানের কার্যকর অবরোধ বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে অস্থিরতা সৃষ্টি করে চলেছে। _আল জাজিরা।
পাকিস্তানে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে শান্তি আলোচনার আগে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, এটা সহজ হবে না, তবে যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চল উন্মুক্ত করে দেবে এবং অন্যান্য দেশও সাহায্য করতে প্রস্তুত রয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, “আমি বলব: আমরা খুব শীঘ্রই সেটি চালু করব”।
ওয়াশিংটন কীভাবে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক সংকীর্ণ পথটির অবরোধ সরানো হবে সে বিষয়ে বিস্তারিত না বললেও, ইরানের চাপিয়ে দেওয়া কোনো ‘টোল বুথ’ ব্যবস্থা তিনি মেনে নেবেন না বলে জানান ট্রাম্প।
এদিকে তেহরান ইঙ্গিত দিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য কোনো চুক্তি হলেও তারা জাহাজগুলোর নিরাপদ চলাচলের জন্য মাশুল আদায় করবে।
মেরিল্যান্ডের ক্যাম্প স্প্রিংসের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের এ বিষয়ে ট্রাম্প বলেন “ওরা যদি এমনটা করে, আমরা তা হতে দেব না”।
তিনি বলেন, যেকোনো চুক্তিতে ইরানের পারমাণবিক অস্ত্র না থাকা নিশ্চিত করাই অগ্রাধিকার। কোনো পারমাণবিক অস্ত্র নয়, এটাই হলো ৯৯ শতাংশ কথা এবং হরমুজ প্রণালীটি স্বয়ংক্রিয়ভাবেই খুলে যাবে।
তবে এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, শুক্রবার প্রণালীটি দিয়ে মাত্র দুটি জাহাজ চলাচল করেছে, যা আগের দিনের পাঁচটির তুলনায় অনেক কম।




Comments