Image description

মৃত্যুপুরীতে যেন এক অলৌকিক প্রাণের সঞ্চার। ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের দীর্ঘ ছয় দিন (১৪৪ ঘণ্টা) পর ধ্বংসস্তূপের নিচ থেকে তিন বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করেছে জর্ডানের একটি উদ্ধারকারী দল।

মঙ্গলবার (৩০ জুন) উদ্ধার অভিযানের এই বিরল ও আবেগঘন মুহূর্তের খবরটি নিশ্চিত করেছে জর্ডানের সিভিল ডিফেন্স।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, শিশুটিকে জীবিত উদ্ধারের পর উল্লাসে ফেটে পড়েন জর্ডানি উদ্ধারকর্মীরা। অলৌকিকভাবে বেঁচে যাওয়া ওই শিশুটিকে উদ্ধারের পরপরই দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে হাসপাতালে স্থানান্তর করা হয়। সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে শিশুটির ভাইটাল সাইন বা জীবনচিহ্ন স্বাভাবিক ছিল এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

বিশেষজ্ঞদের মতে, সাধারণত ভূমিকম্পের পর প্রথম ৭২ ঘণ্টাকে ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের জীবিত উদ্ধারের ‘গোল্ডেন পিরিয়ড’ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বিবেচনা করা হয়। তবে সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার আরও তিন দিন পর কোনো শিশুকে জীবিত উদ্ধার করা একটি অত্যন্ত বিরল ও বিস্ময়কর ঘটনা।

উল্লেখ্য, গত সপ্তাহে ভেনেজুয়েলায় ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে কয়েক হাজার আবাসিক ভবন ধসে পড়ে। এখন পর্যন্ত এই প্রাকৃতিক দুর্যোগে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন কয়েক হাজার। রাজধানী কারাকাসের উত্তরাঞ্চলীয় লা গুয়াইরা এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি।

ভেনেজুয়েলার পার্লামেন্টের প্রেসিডেন্ট মঙ্গলবার জানান, ভূমিকম্পের পর থেকে দেশি-বিদেশি উদ্ধারকারী দলগুলোর সম্মিলিত প্রচেষ্টায় এখন পর্যন্ত ৬ হাজার ৪৬১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজদের সন্ধানে এখনো ব্যাপক তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর