Image description

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশি কূটনীতিক রাবাব ফাতিমাকে আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হিসেবে মনোনয়ন দিয়েছেন। এ-সংক্রান্ত প্রস্তাব ইতোমধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানো হয়েছে।

আফগানিস্তানভিত্তিক সংবাদমাধ্যম অ্যারিয়ানা নিউজ কূটনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে, নিরাপত্তা পরিষদের অনুমোদন পেলে রাবাব ফাতিমা আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত এবং দেশটিতে জাতিসংঘ সহায়তা মিশনের (ইউএনএএমএ) প্রধান হিসেবে দায়িত্ব নেবেন। তিনি এ পদে রোজা ওতুনবায়েভার স্থলাভিষিক্ত হবেন।

২০২২ সালের জুন থেকে রাবাব ফাতিমা জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি), স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ (এলএলডিসি) ও উন্নয়নশীল ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর (এসআইডিএস) উচ্চ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এবং জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ডিসেম্বরে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগ দেন।

জাতিসংঘে দায়িত্ব পালনকালে তিনি শান্তিবিনির্মাণ কমিশনের সভাপতি, ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের সভাপতি এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সহসভাপতির দায়িত্বও পালন করেছেন। এছাড়া ইউনিসেফের নির্বাহী বোর্ডের সভাপতি এবং ইউএনডিপি, ইউএনএফপিএ ও ইউএনওপিএসের নির্বাহী বোর্ডের সহসভাপতির দায়িত্বেও ছিলেন।

১৯৮৯ সালে বাংলাদেশ পররাষ্ট্র ক্যাডারে যোগ দেওয়া রাবাব ফাতিমা কর্মজীবনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ছাড়াও নিউইয়র্ক ও জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং কলকাতা ও বেইজিংয়ে বাংলাদেশ মিশনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। এছাড়া কমনওয়েলথ সচিবালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এও গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।