Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসনের কেউ ভোটে কারচুপির চেষ্টা করলে তার কঠোর পরিণতি হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘সরকার থেকে শুরু করে প্রশাসনের কেউ যদি স্থানীয় নির্বাচনে সামান্যও ইঞ্জিনিয়ারিং বা ভোট কারচুপির চেষ্টা করে, তাহলে তা মেনে নেওয়া হবে না। যারা অতীতে ভোট চুরি করেছে, এবার এমন চেষ্টা হলে তাদের চেয়েও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।’

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সরকার অক্টোবর থেকে স্থানীয় নির্বাচন শুরু করে এক বছরের মধ্যে শেষ করার ঘোষণা দিয়েছে। এ জন্য তিনি বিএনপি সরকারকে ধন্যবাদ জানান।

সীমান্ত পরিস্থিতি নিয়ে সারজিস বলেন, ‘আমরা আর সীমান্ত দিয়ে কাউকে পুশইন হতে দেখতে চাই না। একই সঙ্গে সীমান্তে কোনো হত্যাকাণ্ডও দেখতে চাই না।’

সভায় এনসিপির কেন্দ্রীয় নেতা সরোয়ার তুষার, এস এম সাইফ মোস্তাফিজ, মাহিন সরকারসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।