Image description

লোহিত সাগরে সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকার জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। ‘এনসেলিয়া’ ও ‘লায়লা’ নামের জাহাজ দুটিতে একযোগে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল ও ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয় বলে দাবি করেছে গোষ্ঠীটি।

হুতিদের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার পর জাহাজ দুটিতে আগুন ধরে গেছে। গত ১২ বছর ধরে ইয়েমেনের জনগণের ওপর সৌদি আরবের আরোপিত অবরোধের পাল্টা জবাব হিসেবেই তারা এই পদক্ষেপ নিয়েছে। এখন থেকে সৌদি আরবের ওপর নিজস্ব ‘নৌ-অবরোধ’ কার্যকর করার ঘোষণা দিয়েছে তারা।

এদিকে, ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অর্গানাইজেশন (ইউকেএমটিও) জানিয়েছে, সৌদি উপকূল থেকে ১৩০ কিলোমিটার দূরে একটি জাহাজে হামলার খবর পাওয়া গেছে এবং সেখানে আগুন লেগেছে। তবে জাহাজের ক্রুদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, চলতি সপ্তাহেই হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে সৌদি আরবের জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা ও নৌ-অবরোধের ঘোষণা দিয়েছিল। তারা স্পষ্ট জানিয়েছিল, লোহিত সাগরের প্রবেশদ্বার বাব এল মান্দেব দিয়ে সৌদির কোনো জাহাজ যাতায়াত করতে গেলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে। বর্তমান হামলাটি সেই ঘোষণারই প্রতিফলন বলে মনে করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

মানবকণ্ঠ/ডিআর