ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের উপকূলে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো অন্তত ৪১ জন নিখোঁজ রয়েছেন।
রোববার (২ আগস্ট) দেশটির তল্লাশি ও উদ্ধারকারী সংস্থা এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় ফেরিটিতে মোট ২৭১ জন যাত্রী ও ক্রু ছিলেন। তাদের মধ্যে ২২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের খুঁজে বের করতে সমুদ্রে জোরালো তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
জানা গেছে, ফেরিটি পূর্ব জাভা প্রদেশের সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসার শহরের উদ্দেশে রওনা হয়েছিল। রোববার সকালে যাত্রাপথেই এতে আগুন লাগে। তবে কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মাদুরা দ্বীপ জাভা দ্বীপের উত্তর-পূর্ব উপকূলের কাছে অবস্থিত এবং সমুদ্রপথে যাতায়াতের জন্য এ রুটটি অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে নিখোঁজদের উদ্ধারে উদ্ধারকর্মীরা অভিযান অব্যাহত রেখেছেন।
Comments