শিক্ষার্থীদের সাফল্যে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ: বাউবি উপাচার্য
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এইচএসসি পরীক্ষা-২০২৬-এর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। আজ শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) সকালে তিনি গাজীপুর উপ-আঞ্চলিক কেন্দ্রাধীন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ও কাজী আজিম উদ্দিন ডিগ্রী কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপাচার্য পরীক্ষা কার্যক্রমের সার্বিক পরিবেশ, পরীক্ষার্থীদের উপস্থিতি এবং পরীক্ষা পরিচালনার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হতে দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পরীক্ষার নির্ধারিত নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ এবং যেকোনো ধরনের অনিয়ম ও অসদুপায় কঠোরভাবে প্রতিরোধের নির্দেশনা দেন।
উপাচার্য বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অন্যতম অগ্রাধিকার। শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্ন ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গাজীপুর উপ-আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি শিক্ষার্থী, অভিভাবক এবং কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে উপাচার্য শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, সময়ের যথাযথ ব্যবহার এবং পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। অভিভাবকদের উদ্দেশে তিনি সন্তানদের পড়াশোনার প্রতি উৎসাহিত করা এবং নিয়মিত পড়ার টেবিলে বসার অভ্যাস গড়ে তুলতে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় উপ-আঞ্চলিক কেন্দ্রে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মূলত শিক্ষার্থীকেন্দ্রিক একটি প্রতিষ্ঠান। তাই শিক্ষার্থী সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তরিকতা, নিষ্ঠা ও সেবামূলক মনোভাব নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীদের প্রয়োজনীয় সেবা দ্রুত ও হয়রানিমুক্তভাবে নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
উপাচার্যের এই পরিদর্শন ও মতবিনিময়ের মধ্য দিয়ে পরীক্ষা কার্যক্রমে শৃঙ্খলা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শিক্ষার্থীসেবার মান আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এসএ




Comments