ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সাধারণ নাগরিকদের সঙ্গে নিজ নিজ এলাকায় ভোটাধিকার প্রয়োগ করেছেন জাতীয় দলের ক্রিকেটাররাও।
দেশসেরা ওপেনার তামিম ইকবাল আজ সকালে নিজ শহর চট্টগ্রামে ভোট দিয়েছেন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে পৌঁছে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীও তাদের নিজ এলাকায় ভোট দিয়েছেন।
পারিবারিক আবহে নিজের শৈশবের স্মৃতিবিজড়িত ফেনীতে ভোট দিয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, “অবশেষে ভোট দিলাম—যেখানে আমার শৈশব কেটেছে, মাটির গন্ধে বড় হওয়া সেই চেনা জায়গাতেই। এটা শুধু একটা ভোট নয়, এটা নিজের শিকড়কে ছুঁয়ে দেখার অনুভূতি, নিজের দায়িত্বকে অনুভব করার এক নীরব গর্ব। ছোটবেলার স্মৃতি, আজকের সিদ্ধান্ত—এই দুটো একসাথে মিলেই আজকের দিনটা আমার কাছে আলাদা।”
অদম্য মাহমুদুল হাসান জয় ইনজুরির কারণে টি-টোয়েন্টি কাপে ফাইনাল খেলতে না পারলেও ভোট দিতে পিছপা হননি। হাতে ব্যান্ডেজ নিয়েই জীবনের প্রথম ভোট দিয়েছেন এই তরুণ ওপেনার।
মানবকণ্ঠ/আরআই




Comments