সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর এর ধ্বংসাবশেষ পড়ে দেশটির সর্ববৃহৎ হাবশান গ্যাস প্রক্রিয়াকরণ প্ল্যান্টে অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক মিসরীয় প্রবাসী নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ইরানি ক্ষেপণাস্ত্রটি মাঝাকাশেই আটকে দেয়। কিন্তু এর জ্বলন্ত ধ্বংসাবশেষ ছিটকে গিয়ে পড়ে হাবশান গ্যাস প্ল্যান্টে। এতে সেখানে দুটি পৃথক অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। খবর পেয়ে জরুরি সেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানা যায়, অগ্নিকাণ্ডের পর প্ল্যান্ট এলাকা থেকে কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়ার সময় এক মিসরীয় নাগরিক নিহত হন। এ সময় সামান্য আহত হন আরও চারজন, যাদের মধ্যে দুজন পাকিস্তানি এবং দুজন মিসরীয় নাগরিক রয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণে গ্যাস স্থাপনাটির বেশ উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পূর্ণ মাত্রা ও আর্থিক পরিমাণ নির্ধারণে এখনো মূল্যায়ন কার্যক্রম চলছে।
এর আগে, শুক্রবারও আমিরাতের রাজধানী আবুধাবিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার সময় এর ধ্বংসাবশেষ ছিটকে পড়ে অন্তত ১২ জন আহত হন। সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ওই ঘটনায় আহতদের মধ্যে সাতজনই নেপালের নাগরিক, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
মানবকণ্ঠ/আরআই




Comments