২০২৬ ফিফা বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের তালিকায় আর্জেন্টিনা-ব্রাজিলের দাপট
ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতিতে আরও এক ধাপ এগিয়ে গেল ফিফা। ২০২৬ বিশ্বকাপে ৪৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য ১০৪টি ম্যাচ পরিচালনার জন্য ১৭০ জন ম্যাচ অফিসিয়ালের বিশাল এক তালিকা প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ৬টি ফেডারেশনের অধীনে থাকা ৫০টি দেশের অভিজ্ঞ রেফারিদের নিয়ে এই বহর সাজানো হয়েছে।
ফিফার প্রকাশিত তালিকায় দেখা গেছে, ১৭০ জন ম্যাচ অফিসিয়ালের মধ্যে ৫২ জন মূল রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিডিও রেফারি (VAR) রয়েছেন। এই তালিকায় সবচেয়ে বেশি দাপট লক্ষ্য করা গেছে দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিলের। এই দুই দেশ থেকেই মোট ১৮ জন কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে সমান ৩ জন করে মূল রেফারি, ৫ জন সহকারী রেফারি এবং ১ জন করে ভিডিও রেফারি মনোনীত করা হয়েছে। তালিকায় থাকা বাকি ৪৮টি দেশ থেকে গড়ে ৩ জন করে অফিসিয়াল ডাক পেয়েছেন।
ফিফা রেফারি কমিটির চেয়ারম্যান কিংবদন্তি পিয়েরলুইজি কলিনা জানিয়েছেন, ‘গুণগত মান সবার আগে’—এই নীতির ভিত্তিতেই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “নির্বাচিত ম্যাচ অফিসিয়ালরা বিশ্বসেরা। গত তিন বছর ধরে ফিফা টুর্নামেন্ট, আন্তর্জাতিক এবং ঘরোয়া প্রতিযোগিতায় তাদের ধারাবাহিক পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে। মায়ামিতে পৌঁছানোর সময় তারা যেন শারীরিক ও মানসিকভাবে সেরা অবস্থায় থাকেন, সে লক্ষ্যে আমাদের ফিটনেস ও মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ করছে।”
আগামী ১১ জুন মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচের মাধ্যমে পর্দা উঠবে ২০২৬ বিশ্বকাপের। প্রথমবারের মতো তিন দেশে আয়োজিত এই মেগা টুর্নামেন্টে ম্যাচ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪টিতে। রেফারিদের এই বিশাল বহর আগামী ৩১ মে মায়ামিতে একত্রিত হবে এবং সেখান থেকে চূড়ান্ত প্রস্তুতি শুরু করবে। ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মেগা ফাইনালের মাধ্যমে পর্দা নামবে এই বিশ্বযজ্ঞের।
মানবকণ্ঠ/ডিআর




Comments