২০২৬ বিশ্বকাপ
আধ্যাত্মিক জগতে বিশ্বকাপ জিতে নিয়েছেন রোনালদো!
ঘানার তান্ত্রিকের দাবিতে তোলপাড়
বিশ্ব ফুটবলের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ট্রফি ক্যাবিনেটে সব থাকলেও অভাব কেবল একটি সোনালী বিশ্বকাপের। ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে থাকা এই পর্তুগিজ তারকার জন্য এবার এক চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার সেই আলোচিত ও স্বঘোষিত ‘তান্ত্রিক’ নানা কোয়াকু বনসাম। তার দাবি, ২০২৬ সালের বিশ্বকাপ হবে ক্রিস্টিয়ানো রোনালদোর।
ব্রিটিশ ও আফ্রিকান বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কোয়াকু বনসাম জোর দিয়ে বলেছেন, ‘আধ্যাত্মিক জগতে ইতিমধ্যেই পর্তুগাল বিশ্বকাপ জিতে নিয়েছে। আমি দেখে নিয়েছি ট্রফিটা রোনালদোর হাতেই উঠছে। দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে সিআরসেভেনের।’
এই ওঝার এমন দাবি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি রোনালদো ভক্তের মনে আশার আলো জাগিয়েছে। বনসাম এর আগেও ফুটবলে তার ‘অলৌকিক শক্তির’ প্রভাবে আলোচনায় এসেছিলেন। ২০১৪ বিশ্বকাপের আগে তিনি দাবি করেছিলেন, ‘কালো জাদু’ করে তিনি রোনালদোকে বিপাকে ফেলেছেন। কাকতালীয়ভাবে সেবার ইনজুরির কারণে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল পর্তুগালকে। এমনকি চলতি ইউরো বা অন্য বড় আসরেও তিনি হ্যারি কেনের মতো তারকাদের ‘বোতলবন্দি’ করার দাবি করে আলোচনায় থাকেন।
ঘানার প্রত্যন্ত এক গ্রামের ‘কোফি অ্যান্ড কোফি’ আশ্রম থেকে অলৌকিক শক্তি পাওয়ার দাবি করা এই ওঝা এবার রোনালদো ভক্তদের পক্ষেই কথা বললেন। যদিও তার এসব দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবুও ফুটবল বিশ্বে এমন রোমাঞ্চকর ভবিষ্যদ্বাণী বেশ শোরগোল ফেলে দিয়েছে।
২০২৬ বিশ্বকাপকে রোনালদোর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হিসেবে দেখা হচ্ছে। যদি এই ‘তান্ত্রিক’ ভবিষ্যদ্বাণী সত্যি হয়, তবে পূর্ণতা পাবে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক ক্যারিয়ার। এখন দেখার বিষয়, মাঠের খেলায় রোনালদো ও পর্তুগাল সেই ‘আধ্যাত্মিক বিজয়’ বাস্তবে রূপ দিতে পারে কি না।
মানবকণ্ঠ/ডিআর




Comments