পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো | পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো
বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে শুক্রবার ভোরে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। নকআউট পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে সমর্থকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন দলটির অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পর্তুগিজ সমর্থকদের কয়েকটি ছবি প্রকাশ করে রোনালদো লিখেছেন, ‘আমাদের এমন সমর্থন দিন, যেন মনে হয় আমরা নিজেদের মাঠেই খেলছি।’ গুরুত্বপূর্ণ এই ম্যাচে গ্যালারিভর্তি সমর্থকদের উপস্থিতি ও উৎসাহই দলের জন্য বড় শক্তি হবে বলে মনে করেন তিনি।
এই ম্যাচটি শুধু শেষ ষোলোর লড়াই নয়, বরং রোনালদো ও ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ—দুই কিংবদন্তির বিশ্বকাপ ক্যারিয়ারের সম্ভাব্য শেষ ম্যাচও হতে পারে। ৪১ বছর বয়সী রোনালদো আগেই জানিয়েছেন, চলমান আসরই সম্ভবত তার শেষ বিশ্বকাপ। তাই দীর্ঘ ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা, বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন পূরণের এটিই হতে পারে শেষ সুযোগ।
আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা রোনালদো ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি গড়েছেন। ক্লাব ফুটবলেও তার অর্জনের তালিকা সমৃদ্ধ। তবে বিশ্বকাপের সোনালি ট্রফি এখনও তার হাতে ওঠেনি। চলতি বিশ্বকাপে পর্তুগালকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে ধরা হলেও গ্রুপ পর্বে দলটি প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি। উজবেকিস্তানের বিপক্ষে জয় পেলেও কঙ্গো ও কলম্বিয়ার বিপক্ষে নিজেদের সেরাটা তুলে ধরতে ব্যর্থ হয়েছে তারা।
ব্যক্তিগতভাবেও রোনালদো পুরোপুরি ছন্দে নেই। উজবেকিস্তানের বিপক্ষে দুটি গোল করলেও পরের দুই ম্যাচে তেমন প্রভাব ফেলতে পারেননি। বয়সের ছাপ কিছুটা স্পষ্ট হলেও বড় ম্যাচে পর্তুগালের সবচেয়ে বড় ভরসার নাম এখনও ক্রিশ্চিয়ানো রোনালদো। নকআউট পর্বে হার মানেই বিশ্বকাপ থেকে বিদায়। তাই শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই পর্তুগালের। আর সেই লড়াইয়ের আগে সমর্থকদের ভালোবাসা ও সমর্থনই নিজের এবং দলের সবচেয়ে বড় প্রেরণা বলে জানিয়ে দিলেন রোনালদো।
মানবকণ্ঠ/এসএস




Comments