ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। একই আসনে মাত্র ৫০৫ ভোট পেয়ে জামানত হারিয়েছেন তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) প্রকাশিত বেসরকারি ফলাফলে দেখা যায়, আব্দুল হান্নান মাসউদ পেয়েছেন ৯১ হাজার ৮৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট। ভোট গণনার শুরু থেকেই হান্নান মাসউদ এগিয়ে ছিলেন এবং শেষ পর্যন্ত উল্লেখযোগ্য ব্যবধানে জয় নিশ্চিত করেন।
অন্যদিকে আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক পেয়েছেন মাত্র ৫০৫ ভোট। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, কোনো প্রার্থী সংশ্লিষ্ট আসনে প্রদত্ত মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগের কম পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। প্রয়োজনীয় ভোটসংখ্যা অর্জন করতে না পারায় তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, শাপলা কলি ও ধানের শীষ প্রতীকের প্রার্থী ছাড়া আরও আটজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
নোয়াখালী-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ১৮৪ জন। মোট প্রাপ্ত ভোট ১ লাখ ৭৪ হাজার ৩৩২। বাতিল ভোটের সংখ্যা ৫ হাজার ৩৬৭ এবং ভোটদানের হার ৫১ দশমিক ৪০ শতাংশ। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৯২৫টি এবং ‘না’ ভোট পড়েছে ৫৩ হাজার ২৪৮টি।




Comments