আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, শিক্ষাক্রমে প্রয়োজনীয় পরিবর্তনের অংশ হিসেবে নতুন বিষয়গুলো যুক্ত করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী চতুর্থ শ্রেণি থেকে ‘ক্রীড়া’ ও ‘সংস্কৃতি’ নামে দুটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে।
এ ছাড়া ষষ্ঠ শ্রেণি থেকে আরও দুটি নতুন বিষয় যুক্ত হচ্ছে—‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা’ এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’। এগুলো বাধ্যতামূলক বিষয় হিসেবে পড়ানো হবে বলেও জানান তিনি।
এদিকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, প্রাথমিক ও মাধ্যমিকে নতুন শিক্ষাক্রম ২০২৮ সাল থেকে বাস্তবায়ন করা হবে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার মান উন্নয়ন এবং আধুনিক দক্ষতাভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতেই এই পরিবর্তন আনা হচ্ছে।




Comments