Image description

রাজধানীজুড়ে ফুটপাত দখল ও মেট্রোরেল স্টেশনের নিচে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানিয়েছেন সমাজকর্মী সোহানী শিফা। বাংলাদেশ সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে মাত্র ১০ টাকায় ভাত-ডাল বিক্রি করে তিনি এ কর্মসূচি পালন করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুরে হাড়ি-পাতিল ও খাবারের ভ্যান নিয়ে সচিবালয়ের সামনে অবস্থান নেন সোহানী শিফা। সেখানে সাধারণ পথচারী ও শ্রমজীবী মানুষের কাছে ১০ টাকায় ভাত-ডাল বিক্রি শুরু করলে অল্প সময়েই উৎসুক মানুষের ভিড় জমে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা এসে সচিবালয়ের নিরাপত্তার কথা উল্লেখ করে তাকে দোকান গুটিয়ে চলে যেতে বলেন। তবে তিনি সরে যেতে অস্বীকৃতি জানালে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে পুলিশ তার খাবারসহ ভ্যানটি সেখান থেকে সরিয়ে দেয়।

ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলে সোহানী শিফা বলেন, জনগণের অর্থে নির্মিত মেট্রোরেলের অনেক স্টেশনের নিচে অবৈধভাবে হকার বসায় পথচারীদের চলাচল কঠিন হয়ে পড়েছে। তার প্রশ্ন, যদি সেখানে হকার বসতে পারে, তাহলে জনগণের অর্থে নির্মিত সচিবালয়ের সামনেও কেন তিনি ভাত বিক্রি করতে পারবেন না?

তিনি আরও বলেন, ‘এখানে ভিআইপি বলে কিছু নেই। স্কুলের সামনে যদি ভাতের হোটেল থাকতে পারে, তাহলে সচিবালয়ের সামনেও থাকতে পারে।’

সোহানী শিফার দাবি, তার এই কর্মসূচির মূল উদ্দেশ্য মেট্রোরেল স্টেশনসংলগ্ন ফুটপাত দখলমুক্ত করা এবং পথচারীদের চলাচল নিশ্চিত করা। তিনি বলেন, যেদিন মেট্রো স্টেশনের নিচের সব অবৈধ হকার উচ্ছেদ করা হবে, সেদিনই তিনি এই প্রতীকী দোকান তুলে নেবেন।

রাজধানীর গণপরিবহন ও ফুটপাত ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে তার এ ব্যতিক্রমী প্রতিবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। তবে সামাজিক মাধ্যমে তার কর্মসূচি নিয়ে প্রশংসা যেমন রয়েছে, তেমনি সমালোচনাও দেখা গেছে।