সাধারণ নিয়ম অনুযায়ী, কোনো ফুটবলার লাল কার্ড দেখলে পরের ম্যাচে খেলতে পারেন না। আর সরাসরি লাল কার্ডের ক্ষেত্রে শাস্তি আরও কঠোর—দুই ম্যাচের নিষেধাজ্ঞা। তবে ২০২৬ বিশ্বকাপে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে ফিফা।
যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা স্থগিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ফলে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড দেখলেও বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারবেন তিনি।
ফিফা তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, ‘এফডিসির ২৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের খেলোয়াড় ফোলারিন বালোগানের স্বয়ংক্রিয় ম্যাচ নিষেধাজ্ঞা এক বছরের প্রবেশনারি সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে।’
সোমবার রাতে সিয়াটলে বেলজিয়ামের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। ২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে দলটি।
ফিফার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউএস সকারও। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘আমরা ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তকে সম্মান জানাই এবং আনন্দিত যে ফোলারিন বালোগান আগামীকালের ম্যাচে খেলার সুযোগ পাচ্ছেন।’
গত বুধবার শেষ বত্রিশের ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনাকে ২-০ গোলে হারায় যুক্তরাষ্ট্র। ওই ম্যাচের ৪৫তম মিনিটে দলের প্রথম গোলটি করেন বালোগান। তবে ৬৪তম মিনিটে ডিফেন্ডার তারিক মুহারেমোভিচের সঙ্গে বলের দখল নিয়ে লড়াইয়ের সময় করা একটি ট্যাকলের কারণে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
শুক্রবার নিজের লাল কার্ড নিয়ে হতাশা প্রকাশ করেন বালোগান। তার দাবি, সিদ্ধান্তটি ন্যায্য ছিল না। তিনি বলেন, ‘আমি এবং মুহারেমোভিচ—দুজনই বলের জন্য লড়াই করছিলাম। যারা ফুটবল খেলেছেন, তারা জানেন এমন পরিস্থিতি অনেক সময় এড়ানো সম্ভব হয় না। এসব সিদ্ধান্ত নেওয়ার সময় পুরো ঘটনাটির প্রেক্ষাপট বিবেচনায় নেওয়া উচিত।’




Comments