বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে বড় দুশ্চিন্তায় পড়েছে নরওয়ে। চোট থেকে ফেরা ডিফেন্ডার জুলিয়ান রিয়েরসনের ফিটনেস নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি, দলের কয়েকজন খেলোয়াড় কাশি ও শ্বাসতন্ত্রের জ্বালাপোড়ার সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন নরওয়ের প্রধান কোচ স্তালে সোলবাক্কেন।
নরওয়ের সংবাদমাধ্যম ভিজি–এর প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ আক্রান্তদের মধ্যে এমন একজন খেলোয়াড়ও থাকতে পারেন, যিনি ব্রাজিলের তারকা উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রকে সামলানোর দায়িত্ব পাবেন।
চোট কাটিয়ে জুলিয়ান রিয়েরসন গত দুই দিন ব্যথামুক্তভাবে অনুশীলন করেছেন। এতে তার একাদশে ফেরার সম্ভাবনা তৈরি হলেও তিনি এখনো পুরোপুরি ফিট নন। আর তিনি খেলতে না পারলে তার বদলি হিসেবে মাঠে নামতে পারেন মার্কাস হোলমগ্রেন পেডারসেন, যারও কাশি ও গলার অস্বস্তির কথা উঠে এসেছে।
পেডারসেন অসুস্থ কি না-এমন প্রশ্নের জবাবে কোচ সোলবাক্কেন বলেন, তিনি অসুস্থ নন। তবে তার কিছুটা কাশি ও গলার সমস্যা রয়েছে।
এতে নরওয়ের ডান প্রান্তের রক্ষণভাগ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। গ্রুপ পর্বে সেনেগালের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর থেকে রিয়েরসন আর মাঠে নামেননি। স্থানীয় বিশ্লেষকদের ধারণা, তিনি যতক্ষণ শারীরিকভাবে সক্ষম থাকবেন ততক্ষণ খেলবেন। পরে প্রয়োজন হলে তার জায়গায় নামানো হতে পারে পেডারসেনকে।
এদিকে ম্যাচের ভেন্যু নিউ জার্সির আবহাওয়াও আলোচনায় এসেছে। চিকিৎসক ড. কাভেহ রাশিদি বলেন, কাশি বা গলায় জ্বালাপোড়া সব সময় সংক্রমণের লক্ষণ নয়। শুষ্ক বাতাস, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এয়ার কন্ডিশনার) কিংবা শ্বাসনালির সাময়িক জ্বালাপোড়ার কারণেও এমন হতে পারে।
তবে তিনি সতর্ক করে বলেন, একটি দল দীর্ঘ সময় একসঙ্গে থাকলে শ্বাসতন্ত্রের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। আর উচ্চ পর্যায়ের ক্রীড়াবিদদের ক্ষেত্রে সামান্য উপসর্গও পারফরম্যান্সে বড় প্রভাব ফেলতে পারে।
বিশ্বকাপের শেষ ষোলোর এই বহুল প্রতীক্ষিত ম্যাচে বাংলাদেশ সময় আজ রোববার দিবাগত রাত ২টায় মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে।




Comments