Image description

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় টিনের ঘরের বেড়ার সাথে আকস্মিক বিদ্যুৎ সংযোগের কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

আজ বুধবার (৮ জুলাই) দুপুরের দিকে পৌরসভার বলদিপাড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। ​নিহতরা হলেন-ওই এলাকার মৃত আলহাজ্ব আব্দুস সামাদের পুত্র আবু সাঈদ ওরফে সাইদুর রহমান (৭০) এবং তাঁর স্ত্রী রাবেয়া বেগম (৬০)।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাবেয়া বেগম পাশের বাড়িতে যাওয়ার সময় একটি টিনের বেড়ায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্ত্রীর চিৎকার শুনে ঘরের ভেতর থেকে স্বামী আবু সাঈদ (৭০) দ্রুত ছুটে আসেন এবং স্ত্রীকে বাঁচাতে যান। কিন্তু কোনো সুরক্ষামূলক ব্যবস্থা না থাকায় স্ত্রীকে স্পর্শ করা মাত্রই তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। ঘটনাস্থলেই এই দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়।

চোখের পলকে এমন একটি নিরীহ ও বয়োবৃদ্ধ দম্পতির আকস্মিক মৃত্যুতে পুরো গ্রামসহ উলিপুর পৌর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। 

উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রাথমিক সুরতহাল শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।