Image description

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, শিশুদের ভেতরে লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করার জন্য সবাইকে কাজ করতে হবে। তিনি বলেন, “শিশুরা ফুলের মতো। তাদের সুপ্ত প্রতিভা বিকাশে বাংলাদেশ জিয়া শিশু একাডেমী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবার সেই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে চ্যানেল আই, যা আয়োজনটির গুরুত্ব আরও বাড়িয়ে দেবে।”

রোববার রাজধানীর চ্যানেল আই প্রাঙ্গণে শিশুদের প্রতিভা অন্বেষণভিত্তিক রিয়েলিটি শো ‘শাপলাকুঁড়ি ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, চ্যানেল আইয়ের হাত ধরেই দেশের অনেক খ্যাতিমান শিল্পীর উত্থান হয়েছে। একইভাবে ‘শাপলাকুঁড়ি ২০২৬’ থেকেও নতুন প্রজন্মের প্রতিভাবান শিল্পীরা উঠে এসে দেশের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

‘যেখানে প্রতিভা, সেখানেই আমরা’—এই স্লোগানে বাংলাদেশ জিয়া শিশু একাডেমীর আয়োজনে এবার ১৪তম বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা। ক্বেরাত, আবৃত্তি, অভিনয়, সংগীত, নৃত্য ও যন্ত্রসংগীতসহ বিভিন্ন বিষয়ে দেশের ১২টি জোন থেকে নির্বাচিত প্রতিযোগীরা চূড়ান্ত পর্বে অংশ নেবেন।

আয়োজকরা জানান, একজন প্রতিযোগী সর্বোচ্চ তিনটি একক এবং একটি দলীয় বিষয়ে অংশ নিতে পারবেন। প্রতিটি বিষয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণের পাশাপাশি দুটি বিভাগে দুজন ‘শাপলাকুঁড়ি চ্যাম্পিয়ন’ নির্বাচিত করা হবে। প্রতিযোগিতার প্রতিটি পর্ব চ্যানেল আইয়ে প্রচারিত হবে।

আগামী ২৬ জুলাই থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত প্রতিযোগিতার নিবন্ধন চলবে। বিস্তারিত তথ্য চ্যানেল আই এবং বাংলাদেশ জিয়া শিশু একাডেমীর ওয়েবসাইটে পাওয়া যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বাংলাদেশ জিয়া শিশু একাডেমীর মহাপরিচালক হুমায়ুন কবীর, নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা, ফাতেমা তুজ জোহরা, কণ্ঠশিল্পী বিউটি, লায়লা ও মৌমিতা বড়ুয়া। এছাড়া প্রকল্প পরিচালক রাজু আলীমসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ। তাদের সুপ্ত প্রতিভা বিকাশে বাংলাদেশ জিয়া শিশু একাডেমীর এ উদ্যোগ নতুন প্রজন্মের শিল্পী গড়ে তোলার পাশাপাশি দেশের সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও সমৃদ্ধভাবে তুলে ধরবে।