ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়কে অন্তত চারটি যানবাহনে আগুন ধরিয়ে দেন এবং সড়ক অবরোধ করেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদী এলাকার আরিফ মাতুব্বর (২৫), ওবায়দুল সেক (৪০), জয়নাল মিয়া (২৪), নুরুননবী সেক (১২) ও হাফিজুর (৫০)।
এ ছাড়া গুরুতর আহত সেতু মাতবরকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ঢাকা-খুলনা মহাসড়কে একটি পিকআপ বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে খুলনাগামী নড়াইল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস পিকআপটিকে সজোরে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে।
ওসি মিজানুর রহমান জানান, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিসহ চারটি যানবাহনে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।




Comments