ভোলার চরফ্যাসনে এইচএসসির তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের সুযোগ না পেয়ে একদল পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে হামলা ও ভাঙচুর করেছে।
শনিবার পরীক্ষা শেষে ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটক ও অফিস কক্ষে ভাঙচুর চালায়। তাদের বাধা দিতে গিয়ে কলেজ পরিচালনা কমিটির সভাপতি, কয়েকজন শিক্ষক ও পথচারী আহত হন।
কলেজ কর্তৃপক্ষ জানায়, সিসিটিভির আওতায় কঠোর নিরাপত্তার মধ্যে পরীক্ষা নেওয়া হচ্ছিল। পরীক্ষার সময় কিছু শিক্ষার্থী বিশৃঙ্খলার চেষ্টা করলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তা প্রতিহত করেন। এরপর পরীক্ষা শেষে তারা হামলা ও ভাঙচুর চালায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমনা আফরোজ জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।




Comments