Image description

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের চূড়ান্ত তারিখ এখনো ঘোষণা করা না হলেও আগামী ২০ জুলাইকে লক্ষ্য নিয়ে কাজ করছে শিক্ষা বোর্ডগুলো। ফল প্রস্তুতের কার্যক্রম বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুতের কাজ দ্রুতগতিতে চলছে। সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশের জন্য বোর্ডগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২০ জুলাইয়ের মধ্যে ফলাফল দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে যাবতীয় প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে এই সময়ের মধ্যেই শিক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবে।

প্রথা অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সেই হিসেবে চলতি বছর ২১ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। অন্যদিকে, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী অংশ নেয়।