Image description

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার (পার্ট-৩) থেকে তিন মাসের সাজাপ্রাপ্ত এক নারী বন্দী পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যাপক আলোচনা ও গুঞ্জন শুরু হয়েছে। নিখোঁজ ওই বন্দীর বিরুদ্ধে কোনাবাড়ী মেট্রো থানায় মামলা দায়ের করেছে কারা কর্তৃপক্ষ।

পলায়নকারী বন্দীর নাম মোছা. রিম্পা (২১)। তিনি মেহেরপুর জেলার গাংনী থানার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। জানা গেছে, ঢাকার ধানমন্ডি এলাকার একটি ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের সাজা প্রদান করেছিলেন। সেই সাজা ভোগ করতে তিনি কাশিমপুর মহিলা কারাগারে বন্দী ছিলেন।

কারা সূত্র জানায়, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলের পর থেকে কারাগারে রিম্পাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিষয়টি নিয়ে কারা অভ্যন্তরে তোলপাড় শুরু হলেও শুক্রবার বিকেলে তা জানাজানি হয়। এ বিষয়ে মন্তব্য জানতে কারা কর্তৃপক্ষের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কেউ ফোন রিসিভ করেননি।

কোনাবাড়ী মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটা থেকে বন্দী রিম্পা নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় শুক্রবার বিকেলে কারা কর্তৃপক্ষ থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং নিখোঁজ বন্দীকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

মানবকণ্ঠ/ডিআর