প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে হবে: পিআইবি মহাপরিচালক
প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল এই সময়ে সাংবাদিকদের নিজেদের দক্ষতা বাড়িয়ে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি বলেন, “এআই ও ফ্যাক্ট চেকিং সাংবাদিকতার গুরুত্বপূর্ণ সহায়ক প্রযুক্তি। তবে প্রতিটি তথ্য প্রকাশের আগে তার সত্যতা যথাযথভাবে যাচাই করা অপরিহার্য।”
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে রাজশাহীতে সমাজসেবা অধিদপ্তরের সভাকক্ষে তিন দিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) তত্ত্বাবধানে পিআইবি এই কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন মহাপরিচালক।
ফারুক ওয়াসিফ বলেন, ভুয়া তথ্য ও গুজব মোকাবিলায় সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা এবং পেশাগত নৈতিকতা আরও সমৃদ্ধ করতে হবে। সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। দক্ষ ও প্রযুক্তি-সচেতন সাংবাদিকরাই একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তি নির্ভর বিশ্বে দ্রুত ও নির্ভুল তথ্য পরিবেশনের কোনো বিকল্প নেই। ফ্যাক্ট চেকিংয়ের দক্ষতা গণমাধ্যমের গ্রহণযোগ্যতা ও জনআস্থা বজায় রাখতে সহায়ক হবে।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আবদুল আউয়ালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ডালিম হোসেন শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, দৈনিক রাজশাহীর সংবাদ পত্রিকার প্রধান সম্পাদক ডা. নাজিব ওয়াদুদ এবং বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন।
উল্লেখ্য, তিন দিনব্যাপী এই কর্মশালায় রাজশাহীর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) মৌলিক ধারণা, কার্যকর প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এআই ব্যবহার করে সংবাদ লেখা ও অনুবাদ, এবং ইমেজ ও ভিডিও ভেরিফিকেশনসহ ফ্যাক্ট চেকিংয়ের আধুনিক কলাকৌশল হাতে-কলমে শেখানো হয়।
মানবকণ্ঠ/ডিআর




Comments