রংপুরের পীরগঞ্জে পৃথক দুটি দুর্ঘটনায় এক স্কুলছাত্রীসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার বড়দরগাহ এলাকায় বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী এবং মদনখালী ইউনিয়নে বিলে ডুবে এক ছাত্রীর মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ সীমানার বড়দরগাহ এলাকায় বগুড়া থেকে রংপুরগামী একটি মোটরসাইকেল পৌঁছালে চালক হঠাৎ রাস্তা পার হতে থাকা দুই পথচারীকে বাঁচানোর চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ‘রোমান পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাসের নিচে চলে যায়। এতে মোটরসাইকেলের পেছনে বসে থাকা উজ্জ্বল (২২) ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত উজ্জ্বল লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মসুরদরগাহ এলাকার দুলাল রায়ের ছেলে।
খবর পেয়ে বড়দরগাহ হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। হাইওয়ে থানা পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
অন্যদিকে, একই দিন দুপুরে উপজেলার মদনখালী ইউনিয়নের খেড়ুয়া আলমপুর গ্রামে পানিতে ডুবে রওজাতুন জান্নাত সানিফা নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের রজ্জব আলীর মেয়ে এবং পীরগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় ধাড়াকোল বিলে এই দুর্ঘটনা ঘটে। মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments