ছেলের সঙ্গে একই বছরে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে মা ও ছেলে দুজনই জিপিএ-৫ অর্জন করেছেন। রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকার সাদিয়া বেগম ও তাঁর ছেলে তানভীর আহমেদের এই সাফল্যে পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, প্রায় ১৯ বছর আগে বিয়ে হয় সাদিয়া বেগমের। সংসারের দায়িত্বের কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি তিনি। তবে পড়াশোনার প্রতি আগ্রহ কখনো হারাননি। পরে সংসার ও দুই সন্তানের দেখাশোনার পাশাপাশি আবারও পড়াশোনা শুরু করেন তিনি।
প্রায় দুই বছর আগে ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন সাদিয়া। পরিবারের সম্মতি নিয়ে শুরু করেন প্রস্তুতি। চলতি বছরের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় রাজপাড়া আদর্শ মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে অংশ নিয়ে তিনি জিপিএ-৫ অর্জন করেন।
অন্যদিকে, তাঁর ছেলে তানভীর আহমেদ রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।
সাদিয়া বেগম বলেন, “পড়াশোনার প্রতি আমার আগ্রহ ছিল। কিন্তু বিয়ের পর নানা কারণে পড়ালেখা করতে পারিনি। তবে হাল ছাড়িনি। বছর দুয়েক আগে সিদ্ধান্ত নিলাম ছেলের সঙ্গে পরীক্ষা দেব। পরিবারের সম্মতিতে প্রস্তুতি শুরু করি।”
ছেলের সঙ্গে একই পরীক্ষায় অংশ নেওয়ার অভিজ্ঞতাকে সৌভাগ্যের বিষয় হিসেবে দেখছেন তানভীর। সে বলে, “মায়ের সঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে দুজনই জিপিএ-৫ পেয়েছি। মায়ের সঙ্গে পরীক্ষা দেওয়ার সৌভাগ্য কয়জনের হয়।”
তানভীর জানায়, মা নিয়মিত তার পড়াশোনার খোঁজ নেওয়ার পাশাপাশি নিজেও পড়াশোনা করতেন। অনেক সময় রাতে তার পাশে বসে পড়াশোনা করতেন। নিজের এই সাফল্য বাবা-মাকে উৎসর্গ করে ভবিষ্যতে প্রকৌশলী হওয়ার স্বপ্নের কথাও জানিয়েছে সে।
মা-ছেলের সাফল্যে খুশি তাঁদের গৃহশিক্ষক আরিফুল ইসলামও। প্রায় চার বছর ধরে তিনি তানভীরকে ইংরেজি পড়ানোর পাশাপাশি সাদিয়ার পড়াশোনাতেও সহযোগিতা করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, সাদিয়ার স্বামী তোফাজ্জল হোসেন একজন সরকারি কর্মকর্তা। সংসার ও সন্তানদের দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘ বিরতির পর নিজের পড়াশোনার স্বপ্ন পূরণ করেছেন সাদিয়া। একই পরীক্ষায় ছেলের সঙ্গে অংশ নিয়ে দুজনের জিপিএ-৫ অর্জন তাঁর অধ্যবসায় ও ইচ্ছাশক্তির অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।
এসএস




Comments